মতলব দক্ষিণে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে অভিযুক্ত আটক
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৪৮ পূর্বাহ্ন

  

মতলব দক্ষিণে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে অভিযুক্ত আটক

মিজানুর রহমান
১২-০৯-২০২৬ ০২:৩৭ পূর্বাহ্ন
মতলব দক্ষিণে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে অভিযুক্ত আটক
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোবারক হোসেন সরদার (৫২) নামে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের লেজাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোবারক হোসেন সরদার একই এলাকার মৃত হোসেন আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন থেকে চার মাস আগে ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে মোবারক সরদারের বিরুদ্ধে। এ সময় তিনি মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন এবং বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই ভিডিও বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। তবে মোবারক সরদার সালিশে উপস্থিত না হয়ে আত্মগোপনে চলে যাওয়ায় সেদিন বিষয়টির কোনো সমাধান হয়নি। পরদিন শুক্রবার সকালে মোবারক সরদার বাড়িতে ফিরলে স্থানীয়দের একটি অংশ তাকে আটক করে মারধর করে। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর বাবা বলেন, ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানতে পারেন তারা। এতে তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে পরিবার উদ্বিগ্ন। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অভিযুক্ত মোবারক সরদারের স্ত্রী অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাতে স্থানীয়ভাবে সালিশ হওয়ার কথা ছিল। তার স্বামী সেখানে উপস্থিত না হওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ হন। শুক্রবার সকালে বাড়িতে আসার পর তাকে মারধর করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নঈমুল ইসলাম রাজিব বলেন, আহত মোবারক সরদারের মাথা ও শরীরে জখম রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোবারক সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর ভাই বাদী হয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিজানুর রহমান ১২-০৯-২০২৬ ০২:৩৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 16 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া