চাঁদপুরের পুরানবাজারে চালু হলো ২ টাকার স্বাস্থ্যসেবা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩৬ পূর্বাহ্ন

  

চাঁদপুরের পুরানবাজারে চালু হলো ২ টাকার স্বাস্থ্যসেবা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১২-০৯-২০২৬ ০৪:৪৯ অপরাহ্ন
চাঁদপুরের পুরানবাজারে চালু হলো ২ টাকার স্বাস্থ্যসেবা
প্রায় এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো চাঁদপুর পৌরসভার ১০৬ বছরের ঐতিহ্যবাহী পুরানবাজার দাতব্য চিকিৎসালয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

চিকিৎসালয়টি পুনরায় চালু হওয়ায় পুরানবাজারের পাঁচটি ওয়ার্ডসহ আশপাশের চরাঞ্চল, নদীতীরবর্তী এলাকা এবং নিম্নআয়ের মানুষ নামমাত্র দুই টাকার বিনিময়ে প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় কিছু ওষুধ বিনামূল্যে সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।

১৯২০ সালে চাঁদপুর পৌরসভা পুরানবাজার এলাকায় দাতব্য চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হিসেবে কাজ করে আসছিল। তবে চিকিৎসকসংকট এবং ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে গত বছরের আগস্টে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।

চিকিৎসালয়টি বন্ধ থাকায় চরাঞ্চল ও আশপাশের এলাকার নিম্নআয়ের রোগীরা দুর্ভোগে পড়েন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ ভবন সংস্কার, প্রয়োজনীয় প্রস্তুতি ও চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেয়। প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে চিকিৎসাসেবা পুনরায় চালু করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চিকিৎসালয়টির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

চিকিৎসালয়টি পুনরায় চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁদের প্রত্যাশা, নিয়মিত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ এবং পর্যাপ্ত জনবল নিশ্চিত করে প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১২-০৯-২০২৬ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 27 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া