মেধাবীদের অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হতে দেব না : এমপি মানিক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন

  

মেধাবীদের অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হতে দেব না : এমপি মানিক

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৪-০৯-২০২৬ ০৪:৩৫ অপরাহ্ন
মেধাবীদের অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হতে দেব না : এমপি মানিক
চাঁদপুরে সমাজসেবা মন্ত্রণালয়ের উদ্যোগে সদর ও হাইমচর উপজেলার ৫০ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা দেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে শহরের মুনিরা ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে শিক্ষার ব্যয় বেড়ে যাওয়ায় অনেক অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এসব শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না; সৎ, যোগ্য ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এই আর্থিক সহায়তাকে কেবল সাহায্য হিসেবে না দেখে সমাজ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাজসেবা মন্ত্রণালয়ের এ কর্মসূচির আওতায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মোট ৫০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে সর্বমোট ৫ লাখ টাকা শিক্ষা অনুদান দেওয়া হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৯-২০২৬ ০৪:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 11 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া