শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৯-২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন |
অনুমতি নয় বরং ‘বিনা অনুমতিতে’ নিজের কার্যালয়ে প্রবেশের অনুরোধ জানিয়ে রীতিমতো ভাইরাল হয়েছেন ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তার কার্যালয়ের সামনের এমনি একটি ব্যানারের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।
তবে খোঁজ নিয়ে জানা গেছে বুধবার ছবিটি ভাইরাল হলেও ব্যানারটি লাগানো হয়েছে আরও আগেই।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান দরজায় একটি ব্যতিক্রমী ব্যানার লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে— ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। এর নিচে রয়েছে— ‘ধাক্কা দিন’।
ব্যানারটি নিয়ে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, সরকারি কর্মকর্তার কক্ষে প্রবেশের ক্ষেত্রে সাধারণ মানুষের যে অযথা সংকোচ বা দ্বিধা থাকে, এই উদ্যোগ তা অনেকটাই দূর করবে।
বুধবার বিকেলে ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, গ্রামের অনেক মানুষ বিশেষ করে বৃদ্ধসহ নানা শ্রেণি-পেশার মানুষ কার্যালয়ে এসে বিব্রতবোধ করে। কেউ যদি ভেতরে থাকেন তাহলে অনেকেই বাইরে অপেক্ষা করে। বিষয়টি আমি খেয়াল করার পর অনেক আগ থেকে মৌখিকভাবে সবাইকে জানিয়েছি কেউ যেন ভেতরে আসতে সংকোচবোধ না করেন এবং ভেতরে আসার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তবুও অনেকেই সংকোচ করেন। তাই সম্প্রতি এই ব্যানারটি লাগিয়েছি। যেন মানুষ সহজেই সেবার জন্য আসতে পারেন।
জনগণের সেবা করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি স্বাভাবিকভাবেই বিষয়টি দেখছি সেই ভাবনা থেকেই এই ব্যানারটি লাগিয়েছি। কিন্তু এটি রাতারাতি এতো ভাইরাল হয়ে যাবে বুঝতে পারিনি। আসলে জনগণের সেবা করাই একজন সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব।’
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া