শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৯-২০২৬ ০১:৩৪ পূর্বাহ্ন |
মাদক, কিশোরগ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ ও অবৈধ ড্রেজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গণমাধ্যমের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনি এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক। তিনি বলেছেন, সাংবাদিকতার ক্ষেত্রে রাজনৈতিক সমর্থন কিংবা ব্যক্তিগত মতাদর্শ নয়, পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতাই হওয়া উচিত প্রধান বিষয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ খ্রিষ্টাব্দের কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নবাগত সভাপতি এসএম কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পুর নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংসদের স্থানীয় কার্যালয়ে এ মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় হাজীগঞ্জের সামগ্রিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ, অবৈধ ড্রেজিং, নদী ও খাল খনন, হাজীগঞ্জ বাজারের ব্যবসা-বাণিজ্য, যানজট ও হকার সমস্যা, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পায়।
মতবিনিময় সভায় এমপি ইঞ্জি. মমিনুল হক বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তির সার্বিক উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সংবাদকর্মীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবাদকর্মী পরিচয় ব্যবহার করে কেউ যেন ড্রেজিংসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন।
তিনি আরও বলেন, ‘যারা অপকর্ম বা অপরাধের সঙ্গে জড়িত থাকবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা আগে নিজের ঘর থেকে, অর্থাৎ নিজেদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছি। এরপর অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হাজীগঞ্জ-শাহরাস্তির শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এলাকার মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে, সেটিই তার প্রধান লক্ষ্য। অপরাধমূলক কর্মকাণ্ড যাতে আর বিস্তার লাভ করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, হাবিবুর রহমান, সমন্বয় কমিটির সদস্য সচিব এসএম চিশতি, সদস্য গাজী সালাউদ্দিন, কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মনজুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কার্যকরী সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, হাসান মাহমুদ ও এনায়েত মজুমদার বক্তব্য দেন।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মিরাজ মুন্সী, দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্মবিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজন দাস, সদস্য কাউছার আহম্মেদ রিপন ও রেজাউল করিম নয়ন এবং সম্মানিত সদস্য গাজীর নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া