শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১৯-০৯-২০২৬ ০১:৪০ পূর্বাহ্ন |
চাঁদপুর স্টেডিয়ামে গড়াল জাতীয় ফুটবল লীগের প্রথম পর্ব। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনের পর মাঠে গড়ায় প্রথম ম্যাচ। এতে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব ২-১ গোলে পরাজিত করেছে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবকে।
উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে ফকিরাপুলকে এগিয়ে দেন বিদেশি খেলোয়াড় সোলেমান সিলা। ১০ নম্বর জার্সি পরিহিত এই খেলোয়াড় ম্যাচের ৩৫ ও ৪১ মিনিটে গোল দুটি করেন। ফলে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থাকে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঢাকা ওয়ান্ডার্স। দলের অধিনায়ক ভেলি ১০ নম্বর জার্সি পরে একটি গোল করে ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত লীগের উদ্বোধন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সল গাজী বাহার, বাফুফের ফুটবল ম্যানেজার সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, কমিটির সদস্য ও সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, ফুটবল কোচ জাহাঙ্গীর হোসেন গাজীসহ দুই দলের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় ফুটবল লীগের প্রথম পর্বে দেশের সাতটি ভেন্যুতে মোট ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ।
চাঁদপুর ভেন্যুতে আগামী ২৫ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাবের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরদিন ২৬ সেপ্টেম্বর মাঠে নামবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা।
চাঁদপুরে প্রথম পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। ওই ম্যাচে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের প্রতিপক্ষ হবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া