চাঁদপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, রোগীর চাপে মেঝেতে চিকিৎসা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, রোগীর চাপে মেঝেতে চিকিৎসা

ফয়েজ আহমেদ
২৪-০৯-২০২৬ ০৪:২১ পূর্বাহ্ন
চাঁদপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, রোগীর চাপে মেঝেতে চিকিৎসা

চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। জেলার বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ এ মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে সরেজমিন দেখা যায়, রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। নির্ধারিত শয্যা খালি না থাকায় অনেক ডেঙ্গু রোগীকে ওয়ার্ডের ঠান্ডা মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে দেখা গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পুরো জেলায় নতুন করে ৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে রোববার পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে।
রোগীর চাপ বাড়লেও হাসপাতালে ওষুধের কোনো সংকট নেই বলে জানিয়েছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘‘হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ, চিকিৎসাসামগ্রী ও পরীক্ষার কিট মজুদ রয়েছে। আমরা সাধ্যমতো সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।’’
ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। ডা. মাহবুবুর রহমান বলেন, ‘‘ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। বাড়ির ছাদ, আঙিনা, অফিসকক্ষ কিংবা আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে এডিস মশা বংশ বিস্তার করতে না পারে।’’
জ্বর বা ডেঙ্গুর সামান্য উপসর্গ দেখা দিলেও দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।


ফয়েজ আহমেদ ২৪-০৯-২০২৬ ০৪:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 33 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া