মতলব উত্তরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৫৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২

চাঁদপুর বুলেটিন ডেস্ক
২৫-০৯-২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
মতলব উত্তরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, আটক ২

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চটিসহ এর দুই জন স্টাফকে আটক করেছে নৌ পুলিশ।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। ওই যুবক লঞ্চ থেকে নেমে নিজের ব্যাগ ভেতরে ফেলে আসার কথা মনে করে পুনরায় লঞ্চে ওঠেন।

 

এরপর ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি হঠাৎ পেছনের দিকে চালিয়ে দেওয়া হয়। তখন তাড়াহুড়ো করে ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করার সময় পা পিছলে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। দুর্ঘটনার পর মুকবিল-২ লঞ্চটি দ্রুত গতিতে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে লঞ্চটি ও এর দুই স্টাফকে আটক করেন।

 

খবর পেয়ে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের পাশাপাশি স্থানীয়রা নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেন।

 

ঘটনার প্রায় ৪৫ মিনিট পর সকাল ১১টা ৪৫ মিনিটে খবর পায় চাঁদপুর নদী ফায়ার সার্ভিস। তবে আবহাওয়া ও নদীর প্রতিকূল পরিস্থিতির কারণে তাদের সড়কপথে ঘটনাস্থলে পৌঁছাতে হয়। প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

 

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ জানান, চারজন ডুবুরি নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে। নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকেও তল্লাশি চালানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই তিনি নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলেছেন। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় সব ধরনের উদ্ধার তৎপরতা চালাতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এদিকে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা লঞ্চ চালকদের খামখেয়ালিপনা ও নিরাপত্তার অভাবকে দায়ী করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ২৫-০৯-২০২৬ ১১:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 29 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া