শিরোনামঃ
ফয়েজ আহমেদ ০১-১০-২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন |
জাতীয় পর্যায়ে বাংলাদেশ ফুটবল লীগের দ্বিতীয় ম্যাচ শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটায় বাংলাদেশ ফুটবল লীগের ম্যাচে অংশ নিবে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর আয়োজকদের সূত্রে জানা গেছে, দুই দলেই দেশের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সহ নাইজেরিয়া, নেপাল ও অস্ট্রেলিয়ার ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল লীগের প্রথম পর্বের খেলা শুরু হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিল ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব ও ঢাকা ওয়ান্ডার্স ক্লাব।
জানা গেছে, বাংলাদেশ ফুটবল লীগের প্রথম পর্বের মোট ৭৮টি ম্যাচ দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর স্টেডিয়ামে হবে ১২টি ম্যাচ।
শনিবার ৩ অক্টোবর একই ভেনুতে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা। প্রথম পর্বের শেষ ম্যাচটি চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। ওই ম্যাচে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের প্রতিপক্ষ পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জয়নাল আবেদীন জনু বলেন, জাতীয় পর্যায়ের এই ফুটবল আয়োজনকে ঘিরে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ফকিরাপুল ইয়াং ম্যানসের খেলায় উপস্থিত থাকবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এমপি। জাতীয় পর্যায়ের ফুটবল খেলা দেখার জন্য ২০ টাকা করে টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন , চাঁদপুরের ক্রীড়াঙ্গনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আয়োজন। জাতীয় পর্যায়ের ম্যাচ শুধু দর্শকদের বিনোদন দেবে না, এই আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুর থেকেও একদিন উঠে আসবে জাতীয় দলের ফুটবলার।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া