শিরোনামঃ
ফয়েজ আহমেদ ০৪-১০-২০২৬ ০৬:০৩ অপরাহ্ন |
হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় ইসরাতের চিকিৎসার ব্যয় বহন এবং দুর্ঘটনার জন্য দায়ী পিকআপ চালকের শাস্তিসহ নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।
কর্মসূচিতে ‘নিরাপদ সড়ক চাই’, ‘জাস্টিস ফর ইসরাত’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে ইসরাতের বিচারের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে শিক্ষার্থী আব্দুর রহমান সানি ও বিথি আক্তার বলেন, ইসরাতের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় দায়ী পক্ষকে বহন করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দিনের বেলায় মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিও জানান।
জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শাহরাস্তির রাজাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ইসরাত জাহানকে একটি পিকআপ বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। ইসরাত বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন।
ক্যাপশন: হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া