শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৫-১০-২০২৬ ১০:৫০ অপরাহ্ন |
চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সভায় জেলা প্রশাসক বলেন, বর্তমানে অনেকেই যথাযথ যাচাই-বাছাই ছাড়াই নিউজ পোর্টাল পরিচালনা করছেন। একই সঙ্গে ফেসবুকনির্ভর সাংবাদিকতাও বেড়েছে। তথ্যসমৃদ্ধ না হওয়ায় অনেক সময় ভুল সংবাদ প্রকাশিত হয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা রাষ্ট্র ও প্রশাসনের জন্য ক্ষতির কারণ হতে পারে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের রোল মডেল। তাই অপসাংবাদিকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বেশ কিছু সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের নিষ্ক্রিয় থাকা ‘মিডিয়া সেল’ দ্রুত সচল করা, চাঁদপুর প্রেস ক্লাবের জন্য প্রয়োজনীয় কম্পিউটার সামগ্রী প্রদান এবং সাংবাদিকদের আবাসনের জন্য সরকারি জমি বরাদ্দের বিষয়টি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিবেচনার আশ্বাস দেন জেলা প্রশাসক।
তিনি আরও বলেন, জেলায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রয়েছে। ইলিশ সংরক্ষণ অভিযানে খালের মুখ বন্ধ করে পুলিশ পাহারা নিশ্চিত করা হবে। চাঁদপুর শহরের সৌন্দর্যবর্ধনে নজরুল পার্কসহ পানি উন্নয়ন বোর্ডের অব্যবহৃত জমিতে তিনটি পার্ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি মোটরসাইকেলে ‘প্রেস’ লেখা ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিয়ম-নীতি অনুসরণের তাগিদ দেন।
সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে জেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাঠপর্যায়ে সাংবাদিকদের নানা ঝুঁকি নিতে হয়। সংবাদমাধ্যম ও সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি সাংবাদিকতা পেশা ও প্রেস ক্লাবের মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে হলুদ সাংবাদিকতা রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে চার দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সাংবাদিকদের আবাসনের জন্য জমি বরাদ্দ, অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা, পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণের ক্ষেত্রে সহযোগিতা এবং চাঁদপুর প্রেস ক্লাবের জন্য আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী বরাদ্দ।
সভায় সাংবাদিকরা বাবুরহাট এলাকায় পৌরসভার নাম ভাঙিয়ে গণপরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগটিও জেলা প্রশাসকের দৃষ্টিতে আনেন।
সভা শুরুর আগে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে সংবাদ সংগ্রহ শেষে দেশে ফেরায় চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশাকে জেলা প্রশাসন ও প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
মতবিনিময় সভায় নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সিনিয়র সদস্য
দিনকাল প্রতিনিধি মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জোবায়ের, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক আল আমিন ভূঁইয়া, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এ এইচ এম নিজামসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া