সাংবাদিককে ২৪ ঘণ্টার মধ্যে ‘ঝুলিয়ে দেওয়ার’ হুমকি, থানায় জিডি
০৬ অক্টোবর, ২০২৬ ০৮:১৫ অপরাহ্ন

  

সাংবাদিককে ২৪ ঘণ্টার মধ্যে ‘ঝুলিয়ে দেওয়ার’ হুমকি, থানায় জিডি

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৬-১০-২০২৬ ০৮:০৩ অপরাহ্ন
সাংবাদিককে ২৪ ঘণ্টার মধ্যে ‘ঝুলিয়ে দেওয়ার’ হুমকি, থানায় জিডি
চাঁদপুরে মো. সালাহউদ্দিন খান নামে এক সাংবাদিককে মুঠোফোনে অশ্লীল ভাষায় গালাগাল ও ২৪ ঘণ্টার মধ্যে ‘ঝুলিয়ে দেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রমিত আচার্য পিয়াস (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়ে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক সালাহউদ্দিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা ১৩ মিনিটের দিকে শহরের মমিনপাড়া এলাকায় সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় ৩২৬ নম্বর জিডি করা হয়।

জিডিতে বিবাদী হিসেবে প্রমিত আচার্য পিয়াসের নাম উল্লেখ করা হয়েছে। তিনি ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রাবাজার থানার লোহাগড় এলাকার শংকর আচার্যের ছেলে। বর্তমানে তিনি চাঁদপুর শহরের আদর্শ মুসলিম পাড়া এলাকায় বসবাস করেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জনসচেতনতার জন্য বিবাদী পিয়াসের বিভিন্ন কর্মকাণ্ড ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার পর থেকে তিনি বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন সালাহউদ্দিন।

জিডির বর্ণনা অনুযায়ী, গত ৩ অক্টোবর বিবাদীর পরিচালিত ‘BD Chandpur News 24’ ফেসবুক পেজে সাংবাদিক সালাহউদ্দিনের বক্তব্য প্রকাশ করা হয়। ওই বক্তব্যে সালাহউদ্দিন পিয়াসকে উদ্দেশ করে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি, বিভিন্ন ব্যক্তিকে মারধর ও হুমকি দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন এবং নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার বিষয়েও আপত্তি জানান।

জিডিতে আরও অভিযোগ করা হয়, গত ১ অক্টোবর পিয়াসের বিরুদ্ধে একটি অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় থানায় একাধিক অভিযোগ করা হয়। এছাড়া তিনি জেলার বিভিন্ন স্থানে মানুষকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও বলপ্রয়োগের মাধ্যমে জিম্মি করার মতো কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক সালাহউদ্দিনের অভিযোগ, এসব বিষয়ে পিয়াসকে জিজ্ঞাসা করায় তিনি তার ওপর ক্ষিপ্ত হন এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিতে থাকেন।

জিডিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা ১৩ মিনিটের দিকে মমিনপাড়া রাস্তার ওপর অবস্থানকালে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে সাংবাদিক সালাহউদ্দিনের ব্যবহৃত নম্বরে ফোন আসে। তিনি ফোনটি রিসিভ করতে না পারায় অন্য একটি নম্বর থেকে কলব্যাক করেন। পরে ফোনের অপর প্রান্ত থেকে পিয়াস অশ্লীল ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তাকে ২৪ ঘণ্টার মধ্যে ‘ঝুলিয়ে দেওয়ার’ কথা বলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক সালাহউদ্দিন। তিনি বিষয়টি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোনে জানান। সংশ্লিষ্টরা তাকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন বলে জানান তিনি।

পরে তিনি চাঁদপুর সদর মডেল থানায় গিয়ে বিষয়টি লিখিতভাবে জানান এবং সাধারণ ডায়েরি করেন।

জিডি করার পর চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জিডি করলে কাউকে গ্রেফতার করা যায় না। এ ক্ষেত্রে আদালতের আদেশ প্রয়োজন হবে। মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব।’

এ বিষয়ে সাংবাদিক সালাহউদ্দিন খান বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকির শিকার হয়েছি। ভবিষ্যতে আমার বা পরিবারের কোনো ধরনের ক্ষতি হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

অভিযোগের বিষয়ে প্রমিত আচার্য পিয়াসের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য মোঃ সালাহউদ্দিন খান ২০ বছরের অধিক গণমাধ্যমের সাথে জড়িত রয়েছেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ফটো জাররণালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক কোষাধ্যক্ষ । তিনি দৈনিক চাঁদপুর প্রতিনিধি হিসেবে দায়িত্বদিগন্তের প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব পালন করে আসছেন । বর্তমানে তিনি চাঁদপুর দিগন্তের যুগ্ম সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল ঢাকা নিউজের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৬-১০-২০২৬ ০৮:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 13 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া