চাঁদপুরে আড়াই হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতা রহিম গাজী আটক
০৭ অক্টোবর, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন

  

চাঁদপুরে আড়াই হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতা রহিম গাজী আটক

ফয়েজ আহমেদ
০৭-১০-২০২৬ ০৫:২৭ অপরাহ্ন
চাঁদপুরে আড়াই হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতা রহিম গাজী আটক

চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে কলোনীতে যৌথ অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭০ হাজার টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. আব্দুর রহিম গাজী (৪৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক আব্দুর রহিম গাজী চাঁদপুর পৌর বিএনপির ৭নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং কলোনীর বাসিন্দা আবুল কালামের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গত মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রহিমের মাদক কারবারের অংশীজন ফারহান রানার বাড়িতে অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর পরদিনই বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড় স্টেশন রেলওয়ে কলোনী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কোস্টগার্ড ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আব্দুর রহিম গাজীকে আটক করে। পর পর দুই দিনের এই সফল অভিযানের মাধ্যমে চাঁদপুরে মাদক কারবারের একটি বড় চক্রের সন্ধান পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় রহিমের হেফাজত থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের কাছে পূর্ব তথ্য ছিল—আব্দুর রহিম গাজী, ফারহান রানা ও জয় নামের তিনজন যৌথভাবে এই মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। তবে অভিযানের সময় রহিমকে আটক করা সম্ভব হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ফারহান রানা ও জয় কৌশলে পালিয়ে যায়। আটক রহিমের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ২০২১ ও ২০২৩ সালের মাদক আইনে দুটি মামলা চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আব্দুর রহিম গাজী রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক কারবার চালালেও ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পেতেন না। রহিমের মাদক সিন্ডিকেটের সঙ্গে স্থানীয় কয়েকজন নামধারী রাজনৈতিক নেতা ও প্রশাসনের অসাধু চক্রের যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। তাদের দাবি, পলাতক ও আটককৃতদের মোবাইল ফোনের কল রেকর্ড ও যোগাযোগের তথ্য যাচাই করা হলে এই মাদক কারবারের পেছনে জড়িত আরও রাঘববোয়ালদের তথ্য বেরিয়ে আসবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান জানান, মঙ্গলবার ফারহান রানার বাড়ি থেকে ইয়াবা উদ্ধার এবং বুধবার রহিমকে ইয়াবাসহ আটকের ঘটনায় জড়িত রহিম, ফারহান ও জয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।


ফয়েজ আহমেদ ০৭-১০-২০২৬ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 24 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া