মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী
০৮ অক্টোবর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন

  

মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

ফয়েজ আহমেদ
০৮-১০-২০২৬ ০৩:০৩ অপরাহ্ন
মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

ঢাকা, ০৮ অক্টোবর ২০২৬:    ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতিবছরের ন্যায় এ বছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ০৮ হতে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিনব্যাপী সারা দেশে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৬” পালিত হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের ঘোষিত এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬” বাস্তবায়নে “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট ৯টি জেলায় টহল ও মনিটরিং কার্যক্রমে নিয়োজিত রয়েছে। গভীর সমুদ্রে দেশি-বিদেশি সকল প্রকার মৎস্যযান ও শিকারীদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে নৌবাহিনীর জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট্ এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের জাহাজ, ক্রাফ্ট, বোট ও কন্টিনজেন্ট সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রধান প্রজনন অঞ্চলে মোতায়েন রয়েছে। স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, ও মৎস্য কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে অবৈধ ইলিশ আহরণ ও বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধ করবে। অভিযানকালে ইলিশ আহরণে নিয়োজিত অসাধু ব্যক্তি ও যান্ত্রিক মৎস্য নৌযানসমূহের ওপর কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালিত হবে।

ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষা, নির্বিঘ্ন প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ মা ইলিশের সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে কার্যকর ভূমিকা পালন করে আসছে। দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং মৎস্য সম্পদের সুরক্ষার লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বশীলতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


ফয়েজ আহমেদ ০৮-১০-২০২৬ ০৩:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 13 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া