শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৯-১০-২০২৬ ০৭:৪৫ অপরাহ্ন |
চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কেনার জন্য যাওয়ার পথে বাসচাপায় আল আমিন (৪০) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় (১৯) নামের মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌতা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আব্দুল মান্নানের ছেলে। আগামী রোববার (১১ অক্টোবর) তার পুনরায় কর্মস্থল সৌদি আরব যাওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় আল আমিন ও অপর আরোহী হৃদয় মোটরসাইকেলে করে মেয়ের জন্মদিনের কেক কিনতে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মৌতা বাড়ি এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত বলে ঘোষণা করেন। আহত হৃদয়কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোরাদ জানান, হাসপাতালে নেওয়ার আগেই আল আমিনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে শাহরাস্তি থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাত্র কয়েক দিন পরেই প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিল আল আমিনের। কিন্তু মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া