শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ১০-১০-২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন |
চাঁদপুরে সড়ক দুর্ঘটনা রোধে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গ্যাস কোম্পানি রোডের মুখ ও টেকনিক্যাল হাইস্কুলের সামনে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১০ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে চাঁদপুর সদর উপজেলার ওয়ারলেস বাজার-সংলগ্ন গ্যাস কোম্পানি রোডের সামনে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, রিকশাচালক, অটোরিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সামাউন কবির, স্থানীয় বাসিন্দা মো. আমির হোসেন আখন্দ, শাহাদাত হোসেন মুন্সী ও তাহমিনা আক্তার হ্যাপি।
বক্তারা বলেন, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের টেকনিক্যাল হাইস্কুলের সামনে ও গ্যাস কোম্পানি রোডের প্রবেশমুখে দীর্ঘদিন ধরে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। মহাসড়কে যানবাহন দ্রুতগতিতে চলাচল করায় সড়ক পারাপার ও পাশের সড়ক দিয়ে যাতায়াতের সময় স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসব স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন তাঁরা। দুর্ঘটনায় অনেকে প্রাণ হারিয়েছেন, আবার কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন বলেও জানান বক্তারা।
তাঁরা আরও বলেন, টেকনিক্যাল হাইস্কুলের সামনে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত রয়েছে। বিদ্যালয়ের পাশেই গ্যাস কোম্পানি রোড এবং একটি মসজিদ থাকায় শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ পথচারীদের চলাচল করতে হয়। কিন্তু মহাসড়কে যানবাহনের গতি বেশি থাকায় নিরাপদে রাস্তা পারাপার করা কঠিন হয়ে পড়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
মানববন্ধনে বক্তারা দুর্ঘটনা কমাতে টেকনিক্যাল হাইস্কুলের প্রধান ফটকের দুই পাশে দুটি এবং গ্যাস কোম্পানি রোডের প্রবেশমুখে একটি স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান। পাশাপাশি এসব স্থানে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা, রিকশা ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তাই দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় সড়ক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হলে সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ হবে।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা, রিকশাচালক, অটোরিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া