শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৫-১০-২০২৬ ০৮:০৩ অপরাহ্ন |
পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জে তিনটি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির (বিএইচডিএস) কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আবদুল্লাহ্ শাকুরের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বকুল, হরিতকীসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আবদুল্লাহ্ শাকুর, সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর হোসেন, মহাসচিব ডা. সৈয়দ আহমেদ গিসুদারাজ বিপু, সাংগঠনিক সম্পাদক ডা. লোকমান মো. মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. আবু সালেহ, সমাজকল্যাণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এবং গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. আহমাদ হাসান রুহুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচির প্রথম পর্যায়ে নারায়ণগঞ্জের তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আশরাফুর রহমানসহ কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও হোমিওপ্যাথিক চিকিৎসা অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহজাহান মিয়াসহ শিক্ষকমণ্ডলী ও হোমিওপ্যাথিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির তৃতীয় পর্যায়ে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন বিএইচডিএসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক (উপপরিচালক, সমমান) ডা. মো. আবুল বাসারসহ স্থানীয় চিকিৎসক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটি ঘোষিত দেশব্যাপী ‘বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’-এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়। ১১ অক্টোবর শুরু হওয়া এ কর্মসূচি চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সুস্থ রাখব পরিবেশ’।
বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং ঔষধি ও ফলদ বৃক্ষের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। আয়োজকদের প্রত্যাশা, দেশব্যাপী এ কর্মসূচিতে চিকিৎসক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া