শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-১০-২০২৬ ০৮:০০ অপরাহ্ন |
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত মুখদ্দি ও তালতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি ভেকু (এক্সভেটর) জব্দ করা হয় এবং ঝিলে চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়।
কৃষকদের ওপর নির্যাতন ও জমির মাটি বিক্রি
স্থানীয় জমির মালিক ও কৃষকদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র তাদের পৈতৃক সম্পত্তি ও উর্বর কৃষিজমি বলপূর্বক দখল করে আসছিল। জমির উপরের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। অসহায় কৃষকরা এর প্রতিবাদ করতে গেলে ওই চক্রের লোকজন তাদের নানা ধরনের হুমকি ও শারীরিক মারধরের শিকার হন।
ইব্রাহীমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুখদ্দি এলাকার জমির মালিক ইদ্রিস আলী বলেন, “আমার পৈতৃক ২২ একর সম্পত্তি রয়েছে এখানে। চক্রটি জমি দখল করে মাটি কাটা শুরু করলে আমরা বাধা দিই, তখন আমাদের ওপর হামলা ও মারধর করা হয়। এমপি মহোদয় যেভাবে আমাদের রক্ষায় এগিয়ে এসেছেন, তাতে আমরা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।”
প্রশাসনের দীর্ঘদিনের প্রচেষ্টা ও দুর্গমতার সুযোগ
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা জানান, দুর্গম ও নদীবেষ্টিত এলাকা হওয়ায় সেখানে নিয়মিত নজরদারি করা কঠিন ছিল। গত চার মাস নদী উত্তাল থাকার সুযোগ নিয়ে চক্রটি আবারও সক্রিয় হয়ে ওঠে। এর আগেও প্রশাসন প্রায় ৪০ বার অভিযান চালিয়ে ভেকু বিনষ্ট করলেও তারা থেমে থাকেনি।
তিনি আরও জানান, এ ঘটনায় ইতোমধ্যে ৩টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে প্রায় ৪৮ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া সরকারি আইন অনুযায়ী উদ্ধারকৃত জমি স্থানীয় প্রকৃত কৃষকদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করা হবে।
এমপি মানিকের হুশিয়ারি ও ভবিষ্যৎ পরিকল্পনা
অভিযান শেষে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধী সে যে-ই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, “নদীর ওপার থেকে এসে একটি চক্র আমাদের আবাদি জমি ও সরকারি খাসজমিতে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ইউএনওকে সঙ্গে নিয়ে সরেজমিনে এই ভয়াবহ অবস্থা দেখতে পেয়েছি। এভাবে চলতে থাকলে আমাদের কৃষিজমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে এমপি মানিক বলেন, “ইব্রাহীমপুরে বিপুল পরিমাণ সরকারি জমি রয়েছে। সরকারের নিয়মকানুন অনুসরণ করে ভূমিহীন ও স্থানীয় কৃষকদের মধ্যে এসব জমি বন্দোবস্ত দেওয়ার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করব। পাশাপাশি, পরিকল্পিতভাবে এই বিশাল এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা গেলে কৃষক ও দেশ—উভয় পক্ষই ব্যাপকভাবে উপকৃত হবে।”
অভিযানকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ডি এম শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ স্থানীয় প্রশাসন, পুলিশ এবং দলীয় নেতাকর্মীরা।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া