শিরোনামঃ
ফয়েজ আহমেদ ২৬-১০-২০২৬ ০৮:৩১ অপরাহ্ন |
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ২টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং থানা পুলিশের একটি দল। পরে মরহুমের কফিনে তাঁরা ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এরপর একই স্থানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন স্থানীয় চান্দ্রা দরবার শরীফের পীর মাওলানা হুজ্জাতুল্লাহ।
এরপূর্বে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চাঁদপুর জেলা নাছির উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাব এর সাবেক সভাপতি রহিম বাদশা, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী।
এর আগে তিনি গত শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুন দম্পতির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
পরিবার থেকে জানানো হয় শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বনানীর নিজ বাসভবনে তিনি স্ট্রোক করেন। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া