মার্কিন নির্বাচনে চাঁদপুরের কৃতি সন্তান ফের সিনেটর নির্বাচিত
০৫ নভেম্বর, ২০২৬ ০৩:৩০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মার্কিন নির্বাচনে চাঁদপুরের কৃতি সন্তান ফের সিনেটর নির্বাচিত

এমএ গাফফার
০৪-১১-২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
মার্কিন নির্বাচনে চাঁদপুরের কৃতি সন্তান ফের সিনেটর নির্বাচিত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। তাঁদের মধ্যে জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।

কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমান রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে নিজের আসন ধরে রেখেছেন। এ ছাড়া নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য আবুল খানও নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।

বিজয়ীদের মধ্যে রয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও আমেরিকান নাগরিক এমডি মাসুদুর রহমান পাটওয়ারী। তাঁর এ বিজয়ে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নিজ এলাকার মানুষের মধ্যেও আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, কানেকটিকাট স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী এমডি মাসুদুর রহমান ৬৬ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী জেন জেনিংস পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।

২০২২ সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো কানেকটিকাটের ৪ নম্বর আসন থেকে স্টেট সিনেটর নির্বাচিত হন মাসুদুর রহমান। এরপর ২০২৪ সালের নির্বাচনেও ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে আসনটি ধরে রাখেন তিনি। এবারও বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে নিজের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করলেন।

অন্যদিকে জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটিক পার্টির এ দুই প্রার্থীর পুনরায় বিজয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এমডি মাসুদুর রহমান পাটওয়ারী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনাইমুড়ি গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা। তিনি মৃত নুরুল হক পাটওয়ারীর সন্তান।

যুক্তরাষ্ট্রের এ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত অনেক মার্কিন নাগরিকও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রবাসে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকদের এ সাফল্য নতুন প্রজন্মের মধ্যে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এমএ গাফফার ০৪-১১-২০২৬ ১১:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 108 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া