শিরোনামঃ
এমএ গাফফার ০৭-১১-২০২৬ ০৬:৫১ অপরাহ্ন |
চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে চরাঞ্চলসহ পুরো জেলায় ব্যাপক কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে হেলিকপ্টারযোগে চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম ঈশানবালা চর পরিদর্শনে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় বিডা চেয়ারম্যান ঈশানবালা চরের ভৌগোলিক অবস্থান, জমির প্রাপ্যতা, নদী ও সড়ক যোগাযোগব্যবস্থা এবং সেখানে ভারী ও মাঝারি শিল্পকারখানা স্থাপনের উপযোগিতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা সম্ভব হলে এ অঞ্চলে দেশি-বিদেশি নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি শিল্পায়নের প্রসার ঘটবে এবং স্থানীয় যুবসমাজের জন্য বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এর ফলে দীর্ঘদিন ধরে উন্নয়ন ও বিনিয়োগের দিক থেকে পিছিয়ে থাকা চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে চাঁদপুরের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে নতুন বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।
পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈশানবালা চরে বিডা চেয়ারম্যানের এ পরিদর্শনকে চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই ও পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া