চাঁদপুরে ট্রাফিকের ১ মাসে ১ হাজার ৯৬ মামলা,জরিমানা আদায় ৩৬ লাখ ৬০ হাজার টাকা
১১ নভেম্বর, ২০২৬ ০৩:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে ট্রাফিকের ১ মাসে ১ হাজার ৯৬ মামলা,জরিমানা আদায় ৩৬ লাখ ৬০ হাজার টাকা

এমএ গাফফার
১১-১১-২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন
চাঁদপুরে ট্রাফিকের ১ মাসে ১ হাজার ৯৬ মামলা,জরিমানা আদায় ৩৬ লাখ ৬০ হাজার টাকা
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে অক্টোবর মাসজুড়ে চাঁদপুরে ব্যাপক অভিযান পরিচালনা করেছে ট্রাফিক বিভাগ। মাসব্যাপী এসব অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ১ হাজার ৯৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২টি মামলা নিষ্পত্তি করে ৩৬ লাখ ৬০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের ৫৪টি যানবাহন জব্দ করা হয়েছে বলে ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে।

ট্রাফিক বিভাগ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে দায়ের করা মামলার মধ্যে ইজিবাইকের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৯১টি মামলা করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের বিরুদ্ধে ২৭২টি, সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে ২৫২টি, পিকআপের বিরুদ্ধে ৫৯টি, ট্রাকের বিরুদ্ধে ৪৯টি, ভ্যান ও রিকশার বিরুদ্ধে ৩৭টি, কাভার্ডভ্যানের বিরুদ্ধে ২০টি, বাসের বিরুদ্ধে ৭টি, মাইক্রোবাসের বিরুদ্ধে ৫টি এবং প্রাইভেটকারের বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

মামলার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা হয়েছে। এসব যানবাহনের চালকদের মধ্যে ট্রাফিক আইন অমান্য, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, লাইসেন্সবিহীনভাবে গাড়ি চালানো, হেলমেট ব্যবহার না করা, ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামানো এবং অবৈধভাবে পার্কিং করার মতো বিভিন্ন অভিযোগ রয়েছে।

অভিযানে জব্দ করা যানবাহনের বিষয়ে ট্রাফিক বিভাগ জানায়, অক্টোবর মাসে পরিচালিত অভিযানে মোট ৫৪টি যানবাহন জব্দ করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ট্রাফিক পুলিশের হেফাজতে রয়েছে ৫৪টি যানবাহন। এ ছাড়া সেপ্টেম্বর মাসের অভিযানের আগ থেকেই আরও ৩৬৬টি জব্দকৃত যানবাহন ট্রাফিক পুলিশের হেফাজতে ছিল।

এদিকে চাঁদপুর শহরের যানজটপ্রবণ ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে নতুন বাজার ও পুরান বাজার ব্রিজের গোড়া, শপথ চত্বর, বাসস্ট্যান্ড, ওয়ারলেস বাজার, বাবুরহাটসহ শহরের বিভিন্ন ব্যস্ততম সড়ক ও মোড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব এলাকায় যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং চালক ও পথচারীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করছে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযানের ফলে সড়কে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করার পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত সড়কে যানজট নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখা এখনো ট্রাফিক বিভাগের নিয়মিত কার্যক্রমের অন্যতম চ্যালেঞ্জ। চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-অ্যাডমিন) প্রবীর কুমার দাশ বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রতিদিন নিয়মিত চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি বলেন, ট্রাফিক পুলিশের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমিয়ে আনা। যারা ট্রাফিক আইন অমান্য করবেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চালাবেন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে নামাবেন কিংবা বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন সবার জন্য সমান।

প্রবীর কুমার দাশ আরও বলেন, জরিমানা আদায়ই ট্রাফিক পুলিশের মূল উদ্দেশ্য নয়। মানুষের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চালক ও পথচারী সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমবে এবং যানজটও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন।

সংশ্লিষ্টদের মতে, শুধু অভিযান ও জরিমানা আদায়ের মাধ্যমে সড়কে স্থায়ী শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। চালকদের আইন মেনে চলা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং যাত্রী ও পথচারীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত তদারকি ও জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকলে চাঁদপুর শহরের যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সম্ভব।


এমএ গাফফার ১১-১১-২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 29 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া