হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ পদ্ধতির প্রশিক্ষণ দিল উপজেলা প্রশাসন
১১ নভেম্বর, ২০২৬ ০৩:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ পদ্ধতির প্রশিক্ষণ দিল উপজেলা প্রশাসন

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১১-১১-২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন
হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ পদ্ধতির প্রশিক্ষণ দিল উপজেলা প্রশাসন

জরুরি মুহূর্তে মানুষের জীবন বাঁচাতে শিক্ষার্থীদের বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসন। প্রশিক্ষণে আকস্মিক হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে সিপিআর (CPR) এবং শ্বাসনালিতে খাবার বা কোনো বস্তু আটকে গেলে হিমলিচ ম্যানুভার (Heimlich Maneuver) প্রয়োগের কৌশল হাতে-কলমে শেখানো হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ‘সিপিআর শিখি, জীবন বাঁচাই’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুন্নবী। এ সময় আরও চারজন চিকিৎসক প্রশিক্ষক হিসেবে সহযোগিতা করেন।

উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী প্রতিনিধি ও ‘ক্ষুদে ডাক্তার’, তাঁদের তত্ত্বাবধায়ক শিক্ষক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্যরা প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে সিপিআর ও হিমলিচ পদ্ধতির তাত্ত্বিক ধারণার পাশাপাশি শিক্ষার্থীদের সরাসরি অনুশীলনের সুযোগ দেওয়া হয়।

অনুষ্ঠানে ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, কিছুদিন আগে বেসিক লাইফ সাপোর্ট সম্পর্কে ধারণা পাওয়ার পর বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেন তিনি। তাঁর মতে, এ বিষয়ে প্রত্যেকেরই প্রাথমিক প্রশিক্ষণ থাকা প্রয়োজন। যথাসময়ে সঠিক পদ্ধতিতে জীবনরক্ষাকারী সহায়তা দিতে পারলে হৃদ্‌রোগজনিত জরুরি পরিস্থিতিতে অনেক মানুষের জীবন রক্ষা করা সম্ভব। শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় আনার কারণ হিসেবে তিনি বলেন, শিক্ষার্থীরা নিজেরা শিখে পরিবারের সদস্য ও সমাজের অন্যদের মধ্যেও এ জ্ঞান ছড়িয়ে দিতে পারবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, হঠাৎ সুস্থ মানুষ অজ্ঞান হয়ে পড়তে পারেন। আবার অনেক সময় শিশুদের গলায় খাবার আটকে শ্বাসরোধের মতো পরিস্থিতি তৈরি হয়। এসব জরুরি মুহূর্তে প্রাথমিক জীবনরক্ষাকারী কৌশল জানা থাকলে বড় বিপদ থেকে মানুষকে রক্ষা করা সম্ভব। এ চিন্তা থেকেই চাঁদপুরে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। হাইমচরে প্রথমবারের মতো এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, পর্যায়ক্রমে জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে। পরবর্তী সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য (মেম্বার) ও গ্রাম পুলিশদেরও প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন জানায়, পর্যায়ক্রমে হাইমচরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে প্রাথমিক জীবনরক্ষাকারী সহায়তা দিতে সক্ষম হবে এবং নিজেদের অর্জিত জ্ঞান পরিবার ও সমাজে ছড়িয়ে দেবে।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ১১-১১-২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 6 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া