চাঁদপুরে অনিয়মে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, প্রতিকার পেলেন দুই ভোক্তা
১৩ নভেম্বর, ২০২৬ ০৫:৫০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুরে অনিয়মে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, প্রতিকার পেলেন দুই ভোক্তা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
১২-১১-২০২৬ ০৯:১৫ অপরাহ্ন
চাঁদপুরে অনিয়মে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, প্রতিকার পেলেন দুই ভোক্তা

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে দুই ভোক্তার লিখিত অভিযোগের নিষ্পত্তি করে প্রতিকার নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের মীর শপিং কমপ্লেক্স, জে এম সেনগুপ্ত রোড ও কালীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় বায়ো কেয়ার সার্জিক্যালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় হার ইউনিভার্সকে জরিমানা করা হয় তিন হাজার টাকা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে ও ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানে দুই ভোক্তার লিখিত অভিযোগেরও নিষ্পত্তি করা হয়। মীর শপিং কমপ্লেক্সের সোহাগ সুজ থেকে নতুন এক জোড়া জুতা কেনার কয়েক দিনের মধ্যে সোল উঠে যাওয়ায় এক ভোক্তা লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই ভোক্তাকে নতুন এক জোড়া জুতা দেওয়া হয়।

হার ইউনিভার্স থেকে পণ্য কেনার পর তা পছন্দ না হওয়ায় আরেক ভোক্তা লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই ভোক্তাকে পণ্যের মূল্য ফেরত দেওয়া হয়।

অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধভাবে পণ্য মজুত না করার নির্দেশনা দেওয়া হয়।

আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানে চাঁদপুর সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার ও জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

চাঁদপুর বুলেটিন ডেস্ক ১২-১১-২০২৬ ০৯:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 35 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া