শিরোনামঃ
এমএ গাফফার ১৯-১১-২০২৬ ০২:০৯ অপরাহ্ন |
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত লুৎফুর নাহার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তাঁর এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। ছেলে জাপানপ্রবাসী এবং মেয়েরা স্বামীর বাড়িতে বসবাস করেন। গত ১ নভেম্বর তিনি নাজিরা কমপ্লেক্সের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একা বসবাস শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও তাঁর কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে নিহতের নাতি বাঁধন ভবনের নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে নানির খোঁজ নিতে বলেন। নিরাপত্তাকর্মী ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। ভেতরে প্রবেশ করে প্রথম কক্ষে তাঁকে না পেয়ে অন্য কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজী জানান, ঘটনার সময় তিনি বায়তুল আমিন মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলেন। এ সময় নাতি বাঁধনের ফোন পেয়ে দ্রুত ফিরে এসে ফ্ল্যাটে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ভবনমালিককে জানান। ভবনমালিক আসিফ খান জানান, রাত পৌনে ৯টার দিকে নিরাপত্তাকর্মী ফোন করে তাঁকে হত্যাকাণ্ডের খবর দেন। তিনি তখন নতুন বাজার এলাকায় ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে নিহতের নাতি বাঁধন শহরের আল-আমিন একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, কয়েক দিন আগে তার নানি একটি স্টিলের আলমারি কিনেছিলেন। ওই দোকান থেকে ফোন করে জানানো হয়েছিল, আলমারির কিছু কাজ বাকি রয়েছে। কাজ সম্পন্ন করতে লোক পাঠানো হবে এবং এ জন্য বাসার দরজা খোলা রাখতে বলা হয়েছিল। তবে পরবর্তী সময়ে দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারে, দোকান থেকে এমন কোনো ফোন করা হয়নি। বিষয়টি হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
নিহতের দেবর বেলাল খান ক্ষোভ প্রকাশ করে বলেন, সাততলা ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি। ফলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া কঠিন হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবীর, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া