শিরোনামঃ
চাঁদপুর বুলেটিন ডেস্ক ২০-১১-২০২৬ ০৪:৫৭ অপরাহ্ন |
জাপানের উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকার (JICA) আমন্ত্রণে আট দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে জাপান যাচ্ছেন চাঁদপুরের হাইমচর উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁরা হলেন বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান এবং গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াৎ হোসেন।
আগামী ২৩ নভেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল জাপানের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে ‘Digital Math and Science Project for Teachers and Students Under-resourced Remote Areas in Bangladesh’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।
বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে গণিত ও বিজ্ঞান বিষয়ে ডিজিটাল ও অ্যাপভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জাইকা, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ব্যাকবোন লিমিটেডের যৌথ উদ্যোগে এ পাইলট প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির আওতায় হাইমচরের বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় ও গন্ডামারা উচ্চ বিদ্যালয়ে কার্যক্রম চলমান রয়েছে।
এ প্রকল্পে বিদ্যালয় দুটি অন্তর্ভুক্ত করায় শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান শিক্ষকদ্বয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতার জন্য ব্যাকবোন লিমিটেডের চেয়ারম্যান এবং গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আ. মতিন শেখ মাহীনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
প্রশিক্ষণ শেষে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান দেশের মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দুই প্রধান শিক্ষক।
আট দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরে আসার জন্য তাঁরা সবার দোয়া কামনা করেছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া