চাঁদপুরে আর্সেনিক আক্রান্ত প্রায় ১১ লাখ মানুষ, আন্তর্জাতিক কর্মশালায় উদ্বেগ জানালেন জেলা প্রশাসক
২৫ নভেম্বর, ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন

  

চাঁদপুরে আর্সেনিক আক্রান্ত প্রায় ১১ লাখ মানুষ, আন্তর্জাতিক কর্মশালায় উদ্বেগ জানালেন জেলা প্রশাসক

এমএ গাফফার
২৫-১১-২০২৬ ০৭:২৬ অপরাহ্ন
চাঁদপুরে আর্সেনিক আক্রান্ত প্রায় ১১ লাখ মানুষ, আন্তর্জাতিক কর্মশালায় উদ্বেগ জানালেন জেলা প্রশাসক
আন্তর্জাতিক কর্মশালায় চাঁদপুরের আর্সেনিক সংকট তুলে ধরলেন জেলা প্রশাসক, ৬ বছরে আক্রান্ত বেড়ে ১১ লাখ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিরাপদ পানি ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

এ সময় তিনি চাঁদপুর জেলার ভয়াবহ আর্সেনিক সমস্যার চিত্র তুলে ধরে জানান, মাত্র ছয় বছরের ব্যবধানে জেলায় আর্সেনিক-আক্রান্ত জনগোষ্ঠীর সংখ্যা ৫২ হাজার থেকে বেড়ে প্রায় ১১ লাখে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এ. লতিফ মিলনায়তনে শুরু হওয়া ‘বাংলাদেশে জলবায়ু-সহনশীল পানি ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

কর্মশালায় চাঁদপুরের আর্সেনিক পরিস্থিতি তুলে ধরে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে মাত্র ছয় বছরে জেলায় আর্সেনিক-আক্রান্ত জনগোষ্ঠীর সংখ্যা ৫২ হাজার থেকে বেড়ে প্রায় ১১ লাখে উন্নীত হয়েছে। এ ভয়াবহ পরিস্থিতি জনস্বাস্থ্য ও নিরাপদ পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

তিনি এ সমস্যা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ, আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা এবং এ বিষয়ে অধিকতর গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জলবায়ু-সহনশীল ও নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

কর্মশালায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া ইউনিভার্সিটি অব টরন্টো ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় অংশগ্রহণ করছেন। বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে এ আন্তর্জাতিক কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং পানি ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও প্রয়োগ নিয়ে আলোচনা হচ্ছে। চাঁদপুরের আর্সেনিক সমস্যার ভয়াবহতা আন্তর্জাতিক পর্যায়ের এ কর্মশালায় তুলে ধরার মধ্য দিয়ে জেলার নিরাপদ পানি সংকট নিরসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণার গুরুত্ব নতুন করে সামনে এসেছে।


এমএ গাফফার ২৫-১১-২০২৬ ০৭:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 24 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া