আগুনে ভাইয়ের পর দগ্ধ বোনেরও মৃত্যু, শোকের ছায়া হাজীগঞ্জে
২৬ নভেম্বর, ২০২৬ ০৯:১১ অপরাহ্ন

  

আগুনে ভাইয়ের পর দগ্ধ বোনেরও মৃত্যু, শোকের ছায়া হাজীগঞ্জে

ফয়েজ আহমেদ
২৬-১১-২০২৬ ০১:৫১ অপরাহ্ন
আগুনে ভাইয়ের পর দগ্ধ বোনেরও মৃত্যু, শোকের ছায়া হাজীগঞ্জে


হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। মৃত্যুর সঙ্গে তিন দিন লড়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে গত রোববার (২২ নভেম্বর) ওই অগ্নিকাণ্ডেই ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার দুই বছর বয়সী ছোট ভাই মো. আনাছ হোসেন। নিহত দুই শিশু হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুলের আতিক মেম্বার বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান। মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার দাদা আতিক মেম্বার জানান, ঢামেক হাসপাতাল থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। পারিবারিক কবরস্থানে ছোট ভাই আনাছের পাশেই মরিয়মকে দাফন করা হবে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে দুই শিশুকে ঘুম পাড়িয়ে তাদের মা ঘরের দরজা আটকে সংসারের কাজে বাইরে যান। এর মধ্যেই বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশাপাশি দুটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ঘরের ভেতরে পুড়ে মারা যায় শিশু আনাছ এবং শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে গুরুতর আহত হয় তার বড় বোন মরিয়ম। ঘটনার খবর পেয়ে সেদিন ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার হোসেন ভূঁইয়া ও প্রকল্প কর্মকর্তা আশেকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা। সে সময় হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।


ফয়েজ আহমেদ ২৬-১১-২০২৬ ০১:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 31 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া